নির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে ভদন্ত অর্থদর্শী স্থবির এঁর (বটপাতা ভান্তে) সভাপতিত্বে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ভালুকিয়া বিহারের উন্নয়নে তাঁর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। সরকারের নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে। তিনি বলেন, ভালুকিয়ার মানুষ তাঁকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের সকল দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুবিমল দেওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস মৈত্রী চাকমা এবং সংসদ সদস্যের পিএস রূপায়ণ চাকমা। বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, অ্যাডভোকেট শুশীল তঞ্চঙ্গ্যা, সাবেক চেয়ারম্যান অংসি মারমা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ মনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। এ ছাড়া বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক-দায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।