বন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তা
্॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ টাকা শর্তহীন নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৩০০ পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রোয়াংছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও ২ নম্বর তারাছা ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস)-এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় দুই ইউনিয়নের মোট ৬০০ পরিবারকে জনপ্রতি ৬ হাজার টাকা করে সর্বমোট ৩৬ লাখ টাকা শর্তহীন নগদ সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। অবশিষ্ট ৩০০ পরিবারকে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তারাছা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং সংকটকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।