কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষের
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদে দীর্ঘ এক বছর ধরে প্রশাসনিক কর্মকর্তার পদ শূন্য থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ইউনিয়নের সাধারণ সেবাগ্রহীতারা। ভোগান্তি কমাতে দ্রুত একজন প্রশাসনিক কর্মকর্তা চায় ইউনিয়নবাসী।
ভুক্তভোগী আয়শা আক্তার, হালিমা, ইলিয়াস হোসেন জানান, প্রশাসনিক কর্মকর্তার শূন্য পদে প্রায় এক বছর আগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়। সপ্তাহে দুই দিন দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি বর্তমানে সপ্তাহে মাত্র একদিন ইউনিয়ন পরিষদে এসে দায়িত্ব পালন করছেন। ফলে প্রয়োজনীয় সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন, স্থায়ীভাবে প্রশাসনিক কর্মকর্তা না থাকায় জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা যথাসময়ে পাওয়া যাচ্ছে না। অনেক সময় একাধিকবার ইউনিয়ন পরিষদে এসে ফিরে যেতে হয়।৪নং ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দ্রুত শূন্য পদে একজন স্থায়ী ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন। কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, প্রায় এক বছর ধরে প্রশাসনিক কর্মকর্তার পদটি স্থায়ীভাবে শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা নিয়মিত না আসায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে ধীরগতি সৃষ্টি হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে শূন্য পদে দ্রুত একজন স্থায়ী প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়ার জেলা প্রশাসনকে জানানো হয়েছে।