রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা জোরদার ও মানোন্নয়নের লক্ষ্যে ২৬ ধরনের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডং। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী মিন্টু মারমার কাছ থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO)-এর পক্ষে ডা. সুব্রত রায় বড়ুয়া। এ সময় তহ্জিংডংয়ের লজিস্টিক অফিসার সাইফুল ইসলাম ও ফিল্ড কোঅর্ডিনেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং তহ্জিংডংয়ের বাস্তবায়নে পরিচালিত Access to and Utilization of Lifesaving Services by Marginalized Community in CHT Bangladesh প্রকল্পের আওতায় এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়।
মেডিকেল কর্মকর্তা ডা. সুব্রত রায় বড়ুয়া বলেন, হস্তান্তর করা চিকিৎসা সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও পরিচর্যা আরও কার্যকর ও সুসংহত হবে। এর ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ফলে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর হবে।