রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণীয়
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে মাষ্টারপাড়া শিল্পী কমিউনিটি সেন্টার উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্িঠত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ আহমেদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া , পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ-আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী রাষ্ট্রগঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, জাতীয় সংকট মোকাবিলা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাঁর গৃহীত বিভিন্ন কর্মসূচি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।