রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৫ মে) ভোররাত আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বজ্রপাতের সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে শিশুটি গুরুতর আহত হয়। এতে উজ্জ্বল চাকমা মারা যায়। একই ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য এসময় আহত হন।
আহতরা হলেন, প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), নিজুম চাকমা (৩), জেরিন চাকমা (১৫) ও রেশমি চাকমা (২৮) ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভোররাতে বজ্রপাতের ঘটনায় তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেই সাথে একই পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খোঁজখবর রাখছি বলে ওসি জানান।