॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা পৌরসভার জিয়া নগর এলাকায় স্পেশাল প্রেগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর আওতায় এই বাজার সংযোগ বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর কৃষি উন্নয়ন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এবং Special Program – Development (Agriculture) এর আওতায় এই বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমেন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাবুদ্দিন আহমেদ, আইডিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ডা: মোঃ জাকিরুল ইসলাম, এছাড়াও উদ্যানত্বত্তবিদ মোস্তাফিজুর রহমান, আইডিএফ এর শাখা ব্যাবস্থাপক মোঃ সালাহউদ্দিন, আইডিএফ-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রোদয় রোয়াজা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্যের আধুনিক সংরক্ষণ পদ্ধতি, মূল্য সংযোজন (Value Addition) এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে সরাসরি বাজার সংযোগ বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, খামারিদের কঠোর পরিশ্রমে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে শক্তিশালী বাজার নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। সঠিক বাজারজাতকরণ কৌশল জানা থাকলে খামারিরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।
আইডিএফ-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রোদয় রোয়াজার সঞ্চালনায় এই কর্মশালায় এলাকার বিপুলসংখ্যক খামারি ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এই কর্মশালা অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা জানান, এই ধরনের দিকনির্দেশনার ফলে তারা এখন থেকে সঠিক উপায়ে পণ্য সংরক্ষণ ও লাভজনকভাবে বাজারজাত করতে পারবেন। আইডিএফ এর এই উদ্যোগ স্থানীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।