মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী ইউনিয়ন একাদশ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের আয়োজনে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গোমতী ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
খেলার ১৯তম মিনিটে গোমতী ইউনিয়নের কাইউমের দুর্দান্ত গোলে দলটি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে খেলার ৭৫তম মিনিটে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দোয়েল ত্রিপুরা গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে বিজয় নিশ্চিত করে গোমতী ইউনিয়ন একাদশ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম আধহাম পিএসসি জি। এ সময় তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত ধারাভাষ্যে দর্শকদের মাতিয়ে রাখেন মোঃ সোহাগ।
টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তরা হলেন, সর্বোচ্চ গোলদাতা আসাদ ভুইয় (গোমতী ইউনিয়ন একাদশ), সেরা খেলোয়াড়, লাদেন ত্রিপুরা (বেলছড়ি ইউনিয়ন একাদশ), সেরা গোলরক্ষক সাচিং মগ (মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ)
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসি, মেজর ইমরান হোসাইন, ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাফি, লে. তানভির আহাম্মেদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মোঃ শহিদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মনজিলা জুমা, সাংবাদিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, লীগ পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতা গত ২৩ জুলাই শুরু হয়। এতে মাটিরাঙ্গা পৌরসভার একটি দলসহ সাতটি ইউনিয়নের মোট আটটি দল অংশ নেয়।