যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডার
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
পাহাড়ি এলাকায় সেপ্টেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
৩ বিজিবি জোন অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগ মোকাবেলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় ৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন ও মোঃ শাহ আলম, পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, আনসার-ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার লিটন বৈষ্ণব, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিজিবি জোন অধিনায়ক বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় জরুরি। জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি প্রস্তুত রয়েছে।
এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও করণীয় তুলে ধরেন। একই সঙ্গে গুজব প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।