নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টা
॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥
নামের মিল থাকায় খাগড়াছড়ি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্য কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা কমিটির আহ্বায়ককে গ্রেফতার করতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্খা দেখা দিয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাজনপাড়াস্থ তৃপ্তি হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বিভিন্ন সুত্র জানিয়েছেন। তবে বিষয়টি বুঝতে পারায় রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তাৎক্ষনিক শান্ত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে মোঃ বেলালকে ঘেরাও করে আটক করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বেলাল চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তারা আরো জানান, খাগড়াছড়ি সদরের মহাজনপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ বেলালকে আটকের চেষ্টা করা হয়েছে। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বুঝতে পারেন ভুলবশত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বেলালকে আটক করতে গিয়ে এনসিপির সহযোগী সংগঠনের আহ্বায়ক বেলালকে আটক করার চেষ্টায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।
অবশ্য এ ঘটনার বিষয়ে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কাজী শরিফুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বেলালকে গ্রেপ্তার করতে গিয়ে ভুলবশত এনসিপির সহযোগী সংগঠনের আহ্বায়ক বেলালকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়।