॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে প্রশাসনের নির্ধারিত নিয়ম অমান্য ও পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে নয় দিনের ব্যবধানে তিনজন নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার (১০আগস্ট) উপজেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে সর্বশেষ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত গাইড হলেন সাশৈথোয়াই মারমা। তিনি ঐলাওয়া পাড়া বাসিন্দার চাই অং প্রু মার্মার ছেলে এবং থানচি উপজেলা প্রশাসনের নিবন্ধিত পর্যটক গাইড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উপজেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়, প্রশাসনের নিয়ম অমান্য করে পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৮ আগস্ট থানচি পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাঁকে পর্যটক গাইডের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল স্বাক্ষরিত ওই অফিস আদেশে সংশ্লিষ্ট গাইডকে বহিষ্কারের পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও পর্যটনসংশ্লিষ্ট দপ্তর এবং সংগঠনগুলোকে অবহিত করার কথা জানানো হয়েছে।
এর আগে গত ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও একজন পর্যটক গাইডকে বহিষ্কার করা হয়। ফলে চলতি মাসের প্রথম ১০ দিনের মধ্যেই প্রশাসনের নিবন্ধিত গাইডদের বিরুদ্ধে নিয়মভঙ্গ ও পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে মোট তিনজন গাইড বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এবং গত ৩ আগস্ট প্রশাসনের নির্দেশনা অমান্য করায় থানচি উপজেলার পর্যটনভিত্তিক ইভেন্ট গ্রুপ ‘ট্রেইল অব হেভেন’-এর সব ট্যুর ও সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়।
এদিকে স্থানীয় পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, থানচির মতো দুর্গম পর্যটন এলাকায় গাইডদের দায়িত্ব অনেক বেশি। পর্যটকদের নিরাপত্তা, সঠিক দিকনির্দেশনা ও আচরণ সবকিছুতেই তাঁদের পেশাদার হতে হবে। অসাধু বা দায়িত্বহীন গাইডদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে বাকীসব গাইডরা পেশাগত মর্যাদা এবং কঠোরভাবে দায়িত্ব পালন করবে।
থানচি গাইড সমিতির সভাপতি জওয়াইপ্রু মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে গাইড সমিতির সাধারণ সম্পাদক ক্লেমেন্ট ত্রিপুরা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অমান্য করায় নিবন্ধিত তিন গাইডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, থানচির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব করতে হলে নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ, আচরণবিধি সম্পর্কে সচেতনতা এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে নিশ্চিত করা অন্তত্য জরুরি।