॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ-ডেস্ক না থাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় ছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আইয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। প্রয়োজনের তুলনায় আসবাবপত্র কম থাকায় কোনো কোনো সময় শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হতো শিক্ষকদের। এবার সেই চিত্র বদলেছে। ওয়াদুদ ভূঁইয়া, এমপি’র উদ্যোগে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় নতুন আসবাবপত্র। এতে স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, বিদ্যালয় দুটির দীর্ঘদিনের এই সমস্যার কথা পানছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, এমপি’র কাছে তুলে ধরা হয়। বিষয়টি অবগত হওয়ার পর তিনি প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করতে উদ্যোগ নেন। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিদ্যালয় দুটির জন্য এসব সামগ্রী বরাদ্দের ব্যবস্থা করা হয়।
সম্প্রতি এমপি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে বিদ্যালয় দুটির শিক্ষকদের কাছে আসবাবপত্র হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, দুই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় আসবাবপত্র ছিল না। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসা ও পাঠদান পরিচালনায় সমস্যা হচ্ছিল। বিষয়টি সংসদ সদস্যকে জানানোর পর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয় দুটির আসবাবপত্রের ঘাটতির বিষয়টি জানার পর এমপি ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেন। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সমস্যাটি তারা সংসদ সদস্যের কাছে তুলে ধরেছিলেন। তাঁর সহযোগিতায় প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা হওয়ায় এখন শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে বসে পাঠ নিতে পারবে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, নতুন আসবাবপত্র পাওয়ায় শ্রেণিকক্ষের পরিবেশ আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। এতে নিয়মিত পাঠদান কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।