রাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলে
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় ও প্রাচীন বাজারটি হলো মাইনীমুখ বাজার। এটি রাঙ্গামাটি জেলা সদর থেকে ৭০ কিঃ মিঃ উত্তরে অবস্থিত হলেও জেলার ঐতিহ্যবাহী বানিজ্যিক কেন্দ্র হিসেবে মাইনীমুখ বাজারটি সারা দেশে পরিচিত। প্রভাবশালীদের বদনজরে পড়ে বাজারের ফায়ার লাইন ও বাজার ফান্ডের সংরক্ষিত জায়গা। অবৈধ দখলের কবলে পড়ে বাজারটি হারাতে বসেছে তার চিরচেনা রুপ ও ঐতিহ্য। প্রতিনিয়ত জবর দখল হচ্ছে বাজার ফান্ড ও ফায়ার লাইনের জায়গা। প্রভাবশালীরা তৈরী করছে নিজেদের অবৈধ ও অনুমোদনহীন স্থাপনা।
সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের সাথেও অশালীন আচরণ করে কয়েকজন দখলদার। এ বিষয়ে বাজার ফান্ড প্রশাসকের প্রতিনিধি বাজার চৌধুরী দেব কুমার চাকমা জানান, বাজার ফান্ডের আওতায় মোট ২৫টি ফায়ার লাইন ছিল। অনেকগুলো ফায়ার লাইন বেদখল হয়ে গেছে। বাজার ফান্ডের সাথে আলোচনা করে দ্রুত ফায়ার লাইনগুলো উদ্ধারের কথা জানান তিনি।
বাজার কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ হওয়ার কথা রয়েছে। ইতিপূর্বে বাজারটি বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের কবলে পড়ে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হয়ে এলাকা ত্যাগ করেছে।
সপ্তাহের শনিবার হাটের দিনে এই বাজারে ২৫-৩০ হাজার লোকের সমাগম ঘটে, বাজারে গরু, ছাগল বাঁশ, কাঠ, আদা, হলুদ, আখ, জাম্বুরা ছাড়াও এলাকার উৎপাদিত পন্যের সমারোহ ঘটে এই বাজারে। পর্যাপ্ত ফায়ার লাইন না থাকায় মালামাল ওঠানামায় চরম ভোগান্তির মুখে পড়েছে ক্রেতা বিক্রেতা।
লংগদু ফায়ার সার্ভিস কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, মাইনীমুখ বাজারে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। পর্যাপ্ত ফায়ার লাইন ও প্রসস্থ গলি না থাকার কারণে ফায়ার সার্ভিসের লোকজন ঠিক সময়ে দুর্ঘটনা স্থলে পৌছাতে পারেনা। যার ফলে বড় ধরণের ক্ষতির মুখোমুখি হতে হয় ব্যবসায়ীদের।
বাজারটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে, ক্রেতা বিক্রেতার নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে অবৈধ দখলে থাকা ফায়ার লাইন, গলি ও অবৈধ স্থাপনাসমুহ উচ্ছেদ করতে বাজার ফান্ড প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে সাধারণ জনগন, ভুক্তভোগী, এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা।