॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
শুধু স্থাপনা নির্মাণ নয়, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কাজ করছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং আয়ের সুযোগ সৃষ্টি হয় এমন প্রকল্প বাস্তবায়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এমপি এসব কথা বলেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়িত ৬ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছার, খাগড়াছড়ি জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা অন্যান্য স্থাপনা নির্মাণ নয়; বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সরকার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, যাতে কৃষকেরা সহজে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন। এতে পরিবহন ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি কৃষকের আয় বাড়বে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো হয়রানি,জুলুম-নির্যাতনের অভিযোগ থাকে, তাহলে সরাসরি কিংবা খুদে বার্তার পাঠিয়ে অবগত করতে বলেন। তবে এক্ষেত্রে সত্য ও নির্ভরযোগ্য তথ্য দিতে হবে, যাতে তদন্তের মাধ্যমে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়। জনগণের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন হলে তা কোনোভাবেই সমর্থন করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
উদ্বোধন করা প্রকল্পগুলো হলো:- ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২.৭৩০ কিলোমিটার একসত্যাপাড়া-বড়বিল সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১.৪৯১ কিলোমিটার যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক কার্পেটিং ও ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট। তিনটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।