রাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমন
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও প্রখ্যাত সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা আর নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে রাঙ্গামাটি সদর উপজেলার আসামবস্তী ক্ষেপ্পাপাড়ার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
ফনিন্দ্র লাল ত্রিপুরা গত দুই বছর ধরে কিডনি সহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিষ্য, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, রাঙ্গামাটি নজরুল সঙ্গীত শিল্পী সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা তাঁর বাসভবনে ছুটে যান। এ সময় তাঁরা প্রয়াত সঙ্গীতগুরুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ফনিন্দ্র লাল ত্রিপুরা কাপ্তাই উপজেলা নিউ মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় দুই বছর আগে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘ ২২ বছর কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংস্কৃতিক জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সঙ্গীতের তালিম দিয়েছেন। তাঁর কাছে সঙ্গীত শিক্ষা নিয়ে অনেক শিষ্য জাতীয় পর্যায়ে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর বড় ছেলে মাইকেল ত্রিপুরা জানান, বৃহস্পতিবার দুপুরে আসামবস্তী লেমুছড়ি শ্মশানে তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।