মানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ‘দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা’য় ওয়াজ মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদরাসা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ সাজেদুল্লাহ’র সঞ্চালনায় ও সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং মাদরাসার সভাপতি মো. এনামুল হক এনাম।
অনুষ্ঠানের শুরুতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হয়। এতে মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির ও মাওলানা মাসুম বিল্লাহ আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাশেম ভূইয়া, গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন ও অভিভাবক মোঃ খোকন মোল্লা।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে মাদরাসা হতে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।