বিএনপির প্রতিষ্ঠা গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করার দিন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বিএনপির প্রতিষ্ঠা গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করার দিন। বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। আগামী দিনেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারে বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২সেপ্টেম্বর) দিনব্যাপী র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মাদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতিতে সমগ্র মাটিরাঙ্গা পৌর শহর উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে নতুন করে ধারণ করার দিন। দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি। একই সাথে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অন্যতম প্রধান শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, “বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। প্রতিষ্ঠার পর থেকে দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের পাশে ছিলেন। আগামী দিনেও মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।