রাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বাঘাইহাট ৫৪ বিজিবি’র সংবাদ সম্মেলন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ হতে মোতায়েন রয়েছে এবং নির্বাচনী এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি’র নির্বাচনী সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (ফেব্রুয়ারী) সকালে বাঘাইহাই ব্যাটালিয়ন ৫৪ বিজিবির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী।
লিখিত বক্তব্যে তিনি বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ (ইএই), চট্টগ্রাম রিজিয়ন এর আওতাধীন খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক-নির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক বঙ্গলতলী এবং সাজেক ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বঙ্গলতলী এবং সাজেক ইউনিয়নের নির্বাচনী এলাকায় ২টি বেইজ ক্যাম্প স্থাপন করতঃ উক্ত দায়িত্ব পালন করা হচ্ছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তথা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি বদ্ধ পরিকর। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। মাঠ পর্যায়ে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদেরকে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা যে কোনো পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে সক্ষম হয়।
নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামাদিসহ বিভিন্ন ধরণের রায়োট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করবে যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
তিনি আরো বলেন, জনসাধারণকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালনে চির প্রতিজ্ঞ।
সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক। তারা সর্বদা জনগণের পাশে থেকে দৃঢ়ভাবে কাজ করে যাবে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ একটি নিরাপদ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পরিশেষে, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হবো। ইনশাহ আল্লাহ। এই জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং অব্যাহত সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আমরা বিশ্বাস করি, এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।