॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ তথ্য জানায়। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছালে সীমান্তবর্তী পাহাড় থেকে ব্যাগ কাঁধে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে টহলদল।
এ সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া করলে তারা পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এর দিকনির্দেশনায় এমন অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।