সড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তি
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে যাওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে টানা বর্ষণের কারণে সড়কটির একটি অংশের মাটি ধ্বসে যাওয়ায় পাড়ার শত পরিবারের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ব্যাঙছড়ি ডাবল ব্রিজ ও নতুন পাড়া এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাশাপাশি ঝুম চাষের ফসল ও বিভিন্ন ধরনের সবজি এই সড়ক দিয়ে বাজারে আনা-নেওয়া করা হয়। সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, বয়স্ক মানুষ এবং কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, নতুন পাড়ায় প্রায় ১০০ পরিবারের দেড় হাজারের বেশি মানুষ বসবাস করেন। তাদের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত সড়ক ও ব্রিজটি সংস্কারের দাবি জানিয়ে হেডম্যান সুইচিমং মারমা ও মংসিলা কার্বারী বলেন, আমাদের একমাত্র চলাচলের সড়কটি ধসে যাওয়ায় গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা সুই প্রু মারমা ও উচিপ্রু মারমা বলেন, সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ছেলে-মেয়েরা এবং অসুস্থ ও বয়স্ক মা-বাবাকে নিয়ে চলাচলে অনেক কষ্ট হচ্ছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।
কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমান আলী বলেন, সড়কটি ধসে যাওয়ার ঘটনা সত্য। এ কারণে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি হচ্ছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে কিছু মেরামত কাজ করেছি। স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।