॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) যৌথভাবে বাস্তবায়িত ProGRESS প্রকল্প এর আয়োজনে লার্নিং এন্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং কর্মশালা-সুনামগঞ্জ এবং নেপাল ভিজিট অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতি হিসেবে ছিলেন কৃষিবিদ কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং পরিষদের সদস্যমন্ডলী, নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, প্রকল্প ফোকাল সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগন। আমন্ত্রিত অংশগ্রহনকারীদের মাঝে ছিলেন, সরকারি কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, রাঙ্গামাটির বিভিন্ন হাউজবোট মালিক/প্রতিনিধি, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কমিটি প্রতিনিধি, কারবারি, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙ্গামাটি প্রতিনিধি, ট্যুর গাইড, এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড রাঙ্গামাটি প্রতিনিধি, হোমস্টে পরিচালক এবং অন্যান্য।
কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে সুনামগঞ্জ এর টাঙ্গুয়ার হাওড়ের হাউজবোট এবং পর্যটনের জন্য বিখ্যাত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল এর হোমস্টে এর অভিজ্ঞতা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায়, রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক ঘিরে পর্যটনকে আরও প্রসারের জন্য মতামত দেয়া হয়। এই লেক ঘিরে যাদের বসবাস এবং জীবন-জীবিকা সম্পৃক্ত তাদের পর্যটনের বিভিন্ন খাতে যুক্ত করা যেতে পারে। এছাড়াও ট্যুর গাইডের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। প্রতিটি বোট/হাউজবোটের সাথে ট্যুর গাইড সম্পৃক্ত করা হলে রাঙ্গামাটির ইতিহাস-ঐতিহ্য পর্যটকরা জানতে পারবেন।
এছাড়া স্থানীয় খাদ্য, বিপনন ও প্রসারে স্থানীয় জনগোষ্টী, বিশেষত নারী এবং যুবকদের এই সেক্টরে সংযোজন করা হলে কর্মসংস্থান এবং তাদের উর্পাজনের পথ প্রশস্ত হবে। কমিউনিটি ভিত্তিক পর্যটন এর জন্য দক্ষিণ এশিয়ার দেশ নেপাল প্রসিদ্ধ। নেপালের কমিউনিটি ভিত্তিক পর্যটনহোমস্টে পর্যটকদের কাছে বহুল জনপ্রিয়। বর্তমানে রাঙ্গামাটিতেও নিজস্ব উদ্যোগে হোমস্টে প্রচলন হচ্ছে। কমিউনিটি বেইজড হোমস্টে প্রচলনের মাধ্যমে পর্যটকেরা কমিউনিটির কাছে থেকে দেখার সুযোগ লাভ করবে এবং নির্দিষ্ট সম্প্রদায়ের জীবন ধারণ, সংষ্কৃতি সর্ম্পকে জানতে পারবে। একটি এলাকায় ভ্রমণ পিপাসুদের আনাগোনা হলে সেই এলাকার লোকজন তাদের উৎপাদিত সামগ্রী প্রচার ও প্রসারের সুযোগ লাভ করবে। এছাড়াও অন্যান্য আলোচনার মধ্যে বিভিন্ন রিসোর্ট, হোটেল স্থাপনের ক্ষেত্রে অনুমোদন, রেজিষ্টেশন করা সংক্রান্ত আলোচনা করা হয়।