সরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে না
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইস্থ কর্ণফুলি পেপার মিলের (কেপিএম) উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কিন্তু কেপিএম বন্ধ করবে না। ঐতিহ্যবাহী এ কাগজকলের উৎপাদন বাড়ানো সহ এর কার্যক্রমকে আরও গতিশীল করা আমাদের দায়িত্ব। শনিবার (২৯আগস্ট) সকাল ১১টায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শনে আসলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুর রহমান এসব কথা বলেন।
এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (উৎপাদন) মইদুল ইসলাম, মহ ব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক সহ কেপিএমের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুর রহমান কেপিএমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কারখানার সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরে কেপিএম গেস্ট হাউসে কারখানার বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় বিসিআইসি চেয়ারম্যান বলেন, কেপিএম মিল সরকার বন্ধ করবে না। কীভাবে এই প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে সরকার বিবেচনা করবে। তিনি কেপিএমের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানটিকে আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
বিসিআইসি চেয়ারম্যানের এ পরিদর্শনকে কেপিএমের কর্মকর্তা-কর্মচারীরা ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ কাগজকলের উৎপাদন বাড়ানো ও কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।