বাঘাইছড়িতে মারিশ্যা জোন-২৭ বিজিবি’র পক্ষ থেকে বিঝু’র উপহার সামগ্রী বিতরণ
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়িতে চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু উপলক্ষে মারিশ্যা জোন-২৭ বিজিবি’র পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছেন জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ।
রবিবার (১২ এপ্রিল) ২০২৬ তারিখ শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজাতীয়দের বিজু উৎসব-২০২৬ উপলক্ষে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি কর্তৃক দায়িত্বপূর্ণ বাঘাইছড়ি উপজেলার তুলাবন বনবিহার, জীপতলী বনবিহার, জীবঙ্গাছড়া বন বিহার ও মধ্যম বাঘাইছড়ি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
উক্ত পরিদর্শনকালীন সময়ে বৌদ্ধ বিহারে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের জনসাধারনের সাথে কুশুলাদী বিনিময় করেন। পরবর্তীতে মারিশ্যা জোন কমান্ডার কর্তৃক মারিশ্যা জোনের পক্ষ হতে সর্বমোট ৮০টি পরিবারের মাঝে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জোন কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষা করা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জোন কমান্ডার আরো বলেন, পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী এই মূল মন্ত্রকে সামনে রেখে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ধর্মীয় উৎসব উদযাপন করা একটি সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সকল স্তরের মানুষ মিলেমিশে থাকলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব, যা দেশের উন্নয়নে সহায়ক।
উক্ত সময় মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।