কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব বর্ণিল র্যালি ও আলোচনা সভা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র্যালি নদীতে ফুল ভাসানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চল এর যৌথ উদ্যোগে ফুল বিঝু উৎসব পালন করা হয়। রবিবার (১২এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলি স্টেডিয়াম হতে শুরু হয়ে র্যালিটি কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।
তনচংগ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক-ঢোল বাজিয়ে এবং নেচে, গেয়ে এই র্যালিতে অংশ নেন। এর আগে তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ নতুন পোষাকে সজ্জিত হয়ে সকলে মিলে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের সুচনা করে।
কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তনচংগ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, আজকের বিষু উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে।
এছাড়াও বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।