রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনা প্যাকেজ উৎসব ও আম চাষিদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭এপ্রিল) সকালে উপজেলার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৮০ কৃষক পরিবারকে উন্নত মানের আউশ ধান বীজ ও আনুষঙ্গিক সহায়তা প্রদান করা হয়। বিকল্প শস্য হিসেবে তেলজাতীয় ফসলের আবাদ বাড়াতে ৩০টি পরিবারকে তিল বীজ বিতরণ ও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ প্রদান করেন। এসময় বরকল উপজেলা কৃষি কর্মকর্ত রিপন চন্দ্র ভদ্র ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দিনের দ্বিতীয়ার্ধে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ৩০ জন আম চাষিকে নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘উন্নত মানের আম চাষ ও সুস্বাদু আম উৎপাদন’ শীর্ষক এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তাগণ। প্রশিক্ষণে আম চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলন পরবর্তী পরিচর্যা নিয়ে বিহস্তারিত আলোচনা করা হয়।
কৃষি কর্মকর্তাগণ বলেন, বরকলের মাটি আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক নিয়ম মেনে চাষাবাদ করলে কৃষকরা এই সুস্বাদু ফল থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আউশ ধান ও তিলের এই প্রণোদনা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত চাষিরা উন্নত মানের আম উৎপাদনের মাধ্যমে উপজেলায় বিপ্লব ঘটাতে সক্ষম হবেন।
উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া।