॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বিজয় মজুমদারের বিরুদ্ধে সহকর্মী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ সফিকুল ইসলাম এর উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতাল এর জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
আহত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, একই প্রতিষ্ঠানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় মজুমদার, যিনি সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বদলি হয়েছেন, তিনি এলপিসি (খধংঃ চধু ঈবৎঃরভরপধঃব) ও ‘না দাবি’ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য রামগড়ে আসেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তিনি জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় বিজয় মজুমদার তার কাছে ‘না দাবি’ পত্র দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কক্ষের তালার চাবি ফেরত দেওয়ার বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বিজয় মজুমদার টেবিলে থাকা কাঠের স্কেল দিয়ে তার মাথায় আঘাত করেন এবং কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায় বলে জানান। ঘটনার পর আহত সফিকুল ইসলাম রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে বিজয় মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক বলেন, বদলিজনিত কাগজপত্র সংগ্রহ করতে এসে এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।