॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তার আওতায় ৫০ জন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি একথা বলেন।
মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। একই সময়ে মাটিরাঙ্গা জোন সদরে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ-রেজওয়ান তৌফিক রেজবী এবং গুইমারা রিজিয়নের ক্যাপ্টেন ডা. সুমাইয়া আক্তারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগীকে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা চলাকালীন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি তাঁর সঙ্গে ছিলেন।
বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা, ওষুধ ও ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন। এ প্রসঙ্গে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই অঞ্চলের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, যা সত্যিই প্রশংসার দাবিদার।