॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানের থানচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই মাঠে নামছে যৌথ বাহিনী।
জানা গেছে, দুর্গম এলাকায় অবস্থিত মোট ৭ টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স সরজ্ঞাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। যেসব ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে সরঞ্জাম পাঠানো হচ্ছে— বড় মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিন্দু মুখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই যৌথ বাহিনীকে সরাসরি মাঠে সক্রিয়ভাবে কাজ চলছে। এবারে ভিন্নভাবে নির্বাচন হতে যাচ্ছে, যার ফলে দেশবাসী একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার পাব।
অন্যদিকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে থানচি থানার অফিসার কানন সরকার বলছেন, নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে এমন যেকোনো ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে যৌথ বাহিনী।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যৌথ বাহিনী মাঠে কাজ যাচ্ছে।