॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
বুধবার (৭জানুয়ারী) সকাল ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তা প্রহরী অপূর্ব চাকমা ব্যাংকের ভেতরে ঝাড়ু দিতে গেলে চুরির বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংক পিএলসি মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুজ্জামান জানান, দুর্বৃত্তরা ব্যাংকের গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ড্রয়ার ভেঙে ১ হাজার ৪৪০ টাকা এবং তালা খুলে তার ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়। এ সময় ব্যাংকের সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়া হয়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে চোরেরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে পারেনি এবং সেখানে কোনো ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়নি। ঘটনার সময় অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুইজন নিরাপত্তা প্রহরী ডিউটিতে ছিলেন বলেও জানান তিনি।
ঘটনার খবর পেয়ে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ির পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন জানান, চুরির ঘটনায় এখনো কাউকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।