১২লাখ টাকার সংকটে ২১বছরেও কাপ্তাই স্বর্ণটিলা মসজিদটি নির্মাণ শেষ হয়নি
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
শুধুমাত্র ১২লক্ষ টাকার সংকটে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার স্বর্ণটিলা জামে মসজিদটি দীর্ঘ ২১বছরেও পূর্ণ নির্মাণ হয়নি। এভাবে বছরের পর বছর পরে থাকায় সেখানে মুসল্লিরা নামাজ আদায় করকে পারছেনা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা সরকারের যে কোন উন্নয়ন প্রতিষ্ঠান মসজিদ এর উন্নয়নে এগিয়ে আসবেন।
জানা গেছে, কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে স্বর্ণটিলা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। এর পর দীর্ঘ বছরেও পূর্ণ নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন, মুসল্লী নামাজ আদায় করতে পারছেনা। এছাড়া এলাকার শতাধিক শিশু কুরআন শিক্ষা হতে বঞ্চিত হয়ে পড়ছে বলেও জানায় স্থানীয়রা।
জানাযায়, স্বর্ণটিলা মসজিদ এলাকায় ১৩০পরিবার প্রায় পাঁচ শতাধিক লোক বসবাস করে। অত্র এলাকার লোকজন নিম্ন আয়ের মানুষ। দিনে আনে দিনে খায়। কেউ দিনমুজর বা নদীতে মাছ শিকার করে সংসার চালায়। এলাকার লোকজন এবং মসজিদ কমিটি সকলে মিলে মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে দশটি পিলার নির্মাণ করেছে। মসজিদে বাকিঅংশসহ আনুষাঙ্গিক নির্মাণ কাজ অর্থ সংকটের ফলে বন্ধ রয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মোঃ সেলিম, সদস্য মোঃ নুরুল আলম জানান, আমরা মসজিদের বাকি অংশ অর্থের অভাবের কারনে করতে পারছিনা। এটি পূর্ণ নির্মাণ করতে আরও ১০/১২লাখ টাকার প্রয়োজন। কিন্তু এলাকার লোকজন অসহায়, দরিদ্র খেটে খাওয়াদের পক্ষে এত টাকা দিয়ে মসজিদটি পূর্ণ নির্মাণ করা সম্ভব নয়। তাই কোন বিত্তবান ও দানশীল ব্যক্তি বা সরকারের উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন।
মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন জানান, সরকারি বেসরকারি কোন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মসজিদটি অবশ্যই পূর্ণ নির্মাণ হবে। তাই তিনিও সকলের সহযোগিতা কামনা করেন।