॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দেশে সাম্প্রদায়িক সহিংসতা চরম আকার ধারণ করেছে। আইন আর শাসন বলতে কিছু আছে বলেও মনে হচ্ছে না। দেশে সংখ্যালঘু নির্যাতন হত্যা চরমভাবে বেড়েছে। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) বিকেলে সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা ও বিচারবহির্ভূত হত্যাকান্ড সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। অবিলম্বে দেশব্যাপী সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার, সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।