স্ত্রীকে ফিরে পেতে ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে স্বামীর সংবাদ সম্মেলন
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
প্রেম মানে না কোনো জাত-ধর্ম, বাঁধা-বিপত্তি। তাই সব বাঁধা উপেক্ষ করে ভালোবাসার মানুষকে পেতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রিয়াঙ্কা মজুমদার (১৮) নামের তরুণী ধর্মান্তরিত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার মোঃ ইমন মিয়া (২১) নামের এক তরুণের সাথে ইসলামি শরিয়া মোতাবেক গত ২৬ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ঘোর আপত্তি মেয়ের পরিবারের।
তাই প্রিয়াঙ্কা মজুমদার এর ‘মা’ প্রতিমা মজুমদার বাদী হয়ে তার বিরুদ্ধে মানিকছড়ি থানায় মামলা দায়ের করলে দুই মাস কারা ভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন ইমন মিয়া। এখন ইমন নিজের বিবাহীত স্ত্রীকে ফেরত পেতে ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা মানিকছড়ি প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে মোঃ ইমন মিয়া দাবী করেন, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নের যুবরাজ মজুমদার ও প্রতিমা মজুমদারের কন্যা প্রিয়াঙ্কা মজুমদারের সাথে তার (ইমন) প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গত ২৫ জুন বাসা থেকে পালিয়ে গিয়ে পরের দিন সনাতনী ধর্মত্যাগ করে ইসলাম ধমগ্রহণ করেন প্রিয়াঙ্কা মজুমদার। নাম রাখা হয় জান্নাত। পরে ২৬ জুন ইসলামি শরিয়া আইন মোতাবেক তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এদিকে প্রিয়াঙ্কা মজুমদারের মা প্রতিমা মজুমদার গত ২৯ জুন মানিকছড়ি থানায় কন্যা অপহরণের অভিযোগে মোঃ ইমন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ প্রিয়াঙ্কা মজুমদার ও মোঃ ইমন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শান্তিনগর বাসা থেকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেন। ওই মামলায় ইমন মিয়া দুই মাস কারা ভোগ করে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।
সংবাদ সম্মেলনে ইমন আরো দাবী করেন, তার বৈধ স্ত্রীকে নানা প্রতিবন্ধকতার মুখে আটকে রাখছেন। অথচ তার স্ত্রী (প্রিয়াঙ্কা মজুমদার) তাকে এখন ফিরে পেতে চান। কিন্তু তার মা আমার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। এমতাবস্থায় তার স্ত্রীকে ফিরে পেতে এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারে মাধ্যমে দাম্পত্যজীবন অতিবাহিত করতে সহযোগিতা করার দাবী জানান।