বান্দরবানের থানচির বলীপাড়াগ্যালেঙ্গা সংযোগ কালভার্টের দ্রুত সংস্কার দাবি
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচি উপজেলার গুরুত্বপূর্ণ বলীপাড়াগ্যালেঙ্গা সংযোগ সড়কের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। জনদুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি এড়াতে সংযোগ সড়ক ও বেহাল কালভার্টটি জরুরি ভিত্তিতে সংস্কার ও টেকসইভাবে পুননির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তারা জানান, বলীপাড়ার সাথে গ্যালেঙ্গার সংযোগ সড়ক এবং কালভার্টের সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পুরোদমে দুই ইউনিয়নের লোকজন চলাচল করছে ঝুঁকিনিয়ে। প্রতিবছরে সামান্য বৃষ্টি হলে পানি জমে যায় এবং বর্ষা মৌসুমে তা আরও ভয়াবহ রূপ নেয়।
জানা গেছে, বলিপাড়া খ্রিস্টান মিশন এলাকার সড়কের অবস্থিত কালভার্ট দিয়ে চলাচল করছে দুইটি ইউনিয়নের অন্তত ২৫ গ্রামের মানুষ। দুইটি উচ্চ বিদ্যালয় ও ১০টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাহাড়ি এলাকার ফল, ফসল ও তরিতরকারি বাণিজ্যিক এ সংযোগ সড়কের ব্যবহার করে থাকে। দুই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ব্যবসায়ী ও কৃষক পণ্য কেনাবেচার উদ্দেশ্যে সংযোগ স্থাপন হয়।
সরেজমিনে দেখা যায়, কালভার্টটির দুইপাশে মাটি ভেঙে সম্পূর্ণ দেবে গেছে, গাছ বিছিয়ে চলাচল করছে এবং দুইটি ইউনিয়নের সংযোগ সড়কে বিভিন্ন স্থানের ছোট-বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও পণ্যবাহী যানসহ লোকজন ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ঝুঁকি বাড়ছে। বলীপাড়া ও গ্যালেঙ্গা ইউনিয়নের বাসিন্দারা জানান, এই সড়ক দিয়েই তারা দুইটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। বাজারে কৃষিপণ্য পরিবহন, রোগীকে হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের যাতায়াত সবই এই সংযোগ সড়ক ও কালভার্টের ওপর নির্ভরশীল। কিন্তু বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংযোগ সড়ক ও কালভার্টটি নষ্ট থাকায় গাড়ি আসতে চায় না। ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে, ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলেছেন, কালভার্টটির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দ্রুত সংস্কার কাজ শুর না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবু হানিফ জানান, বলীপাড়া-গ্যালেঙ্গার সংযোগ সড়ক ও সেখানে কালভার্টটি বেহাল অবস্থায় রয়েছে। আগামী বাজেটে বরাদ্দ পাওয়া গেলে সংস্কার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, দুইটি ইউনিয়নের সংযোগ সড়ক ও কালভার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বেহাল অবস্থার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সংস্কারের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য অনুরোধ জানানো হয়েছে।