বান্দরবানের থানচিতে শহীদ মিনারে জুতা পায়ে গ্রাম পুলিশ
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের মতো বান্দরবানের থানচিতে চারটি ইউনিয়নের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বলিপাড়া ইউনিয়নে গ্রাম পুলিশের এক সদস্য জুতা পায়ে শহীদ মিনারে প্রবেশ করায় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়।
দিবসটির শুরুতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তবে বলিপাড়া ইউনিয়নের শহীদ মিনারে গ্রাম পুলিশের এক সদস্য পায়ে জুতা নিয়ে প্রবেশ করলে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বলিপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের এক সদস্য শহীদ মিনারে জুতা পড়া অবস্থায় ফুল অর্পণ শেষে চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে ছবি তোলেন। বুট জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে ছবি তোলেন। বিষয়টি নিয়ে উপস্থি অনেকে বলাবলি করেন।
স্থানীয় সচেতনমহল বলেছেন, সাধারণত শহীদ মিনারে প্রবেশের আগে জুতা খুলে শ্রদ্ধা নিবেদন করা হয়, যা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের রীতি। অথচ দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশের ঐ সসস্যের কাছ থেকে এমন আচরণ উচিৎ হয়নি বলে উল্লেখ করেন। এ বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অপর দিকে বলিপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের ইউনিয়ন দফাদার হারাধন দাশ জানান, শহীদ মিনারে জুতা পায়ে নিয়ে উঠার বিষয়ে খেয়াল করিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল তাকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাপক আনন্দ উদ্দিপনায় বিজয় দিবসটি পালিত হয়েছে বলে তিনি জানান।