খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
॥ ॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই সেøাগানে দীঘিনালায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান এবং কমিশনের পতাকা উত্তোলন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাজার চৌধুরী জেসমিন চাকমা। উদ্বোধনের পর শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেন, শুধু টাকা-পয়সায় অনিয়ম হলেই দুর্নীতি নয়, দুর্নীতির বহু রকমের প্যাটার্ন রয়েছে। তিনি বলেন, কোনো সরকারি অফিসার কাজ না করে ফাইল জমিয়ে রাখা যেমন দুর্নীতি, তেমনি একজন স্কুল শিক্ষক ক্লাস ফাঁকি দেওয়াটাও এক ধরণের দুর্নীতি।
ইউএনও আরও বলেন, দেশে জুলাই বিপ্লব হয়েছে একটা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যাশায়। কিন্তু দেশ ও সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা না গেলে দেশ কখনো বৈষম্যহীন হবে না। তিনি সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান মোর্শেদ রিফাত-এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্স্ট্রাক্টর মাইন উদ্দীন, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, বোয়ালখালী মৌজার মৌজা প্রধান ত্রিদিব রায় পোমাং, প্রেসক্লাব সভাপতি আলআমিন প্রমুখ।