বান্দরবানের থানচিতে গণসংহতি আন্দোলনে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠায় শ্রমিক কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিসাব চাই” এই সেøাগানকে সামনে রেখে বান্দরবানের থানচিতে গণসংহতি আন্দোলনের অফিস উদ্বোধন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা টাউন হলে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে থানচি সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৈজ্ঞানিক মংসানু পাড়ায় নব উদ্বোধনকৃত গণসংহতি আন্দোলনের অফিস এরিয়া থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। পদযাত্রায় শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, যুবক-যুবতী ও নারীরা অংশ নেন। তাঁরা কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, ন্যায্য বাজার ব্যবস্থা এবং মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের দাবিতে সেøাগান দেন।
পদযাত্রা শেষে উপজেলা টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের চলমান বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারহীনতার চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, এসব সংকট মোকাবিলায় একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামো গঠন এখন সময়ের দাবি। শ্রমিক ও কৃষকের ন্যায্য হিসাব নিশ্চিত করা, দুর্নীতি ও লুটপাট বন্ধ করা এবং জনগণের অধিকার আদায়ে গণসংগঠনের শক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় উপজেলা গণসংহতি আন্দোলন সভাপতি মংসাইং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০০নং আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী প্রভাষক রিপন চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমূখ।
এছাড়াও সাবেক উপজেলা যুব সমিতির সভাপতি নুমংপ্রু মারমাসহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় সংগঠক, যুব প্রতিনিধি, নারী অংশগ্রহণকারী ও সাধারণ মানুষ বক্তব্য রাখেন। তারা থানচির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য বাজার ব্যবস্থা ও জীবিকা নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।