পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর যে প্রত্যাশা ছিল তা ২৮ বছরেও পূরণ হয়নি
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দেখিয়ে রাষ্ট্রপক্ষ জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করছে। চুক্তির ২৮ বছর পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এখনও পার্বত্য চুক্তিকে বানচাল করার গভীর ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরে চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলুন” সেøাগানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাথোয়াই অং মারমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি কাকলী খীসা, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর তালুকদার, সমাজসেবক প্রিয় কুমার চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৭ দীর্ঘ সংঘাত সংঘর্ষের অবসান ঘটিয়ে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি করলেও বাস্তবায়নে গাফিলতি ও নানা ষড়যন্ত্রের কারণে পাহাড়ের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলছে। চুক্তি বাস্তবায়নে অচিরেই কার্যকর উদ্যোগ না নিলে আবারও আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। বক্তারা চুক্তি বাস্তবায়ন সহ ৮ দফা দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথ তৈরি হয়েছিল।