শান্ত পাহাড়ে অস্থিতিশীল করার স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না: ব্রিগেডিয়ার হাসান
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ, বলেছেন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও জনকল্যাণে সেনাবাহিনীর ভূমিকা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজী কার্যক্রম নির্মুল হবে অচিরেই। শনিবার (২৯নভেম্বর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ছড়া এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়, শীতবস্ত্র ও ছাত্রদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, খাগড়াাছাড় ডিজিএফআই কর্ণেল জিএস কর্ণেল আতিক( জিএস), পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে:কর্নেল মোঃ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু–-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত হোসাইন সহ রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবি’র উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবসময়ই জনগণের পাশে আছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও জনকল্যাণে সেনাবাহিনীর ভূমিকা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজী কার্যক্রম নির্মুল হবে অচিরেই। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। শান্ত পাহাড়ে অস্থিতিশীল করার স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবেনা। অচিরেই এই সকল সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে।
সভা শেষে উপস্থিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।সেনাবাহিনীর এমন উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন এ কার্যক্রম পাহাড়ে শান্তি ও সম্প্রীতি আরও বৃদ্ধি করবে।