আমরা ১৭ বছরের অত্যাচার-নির্যাতন ও জুলুমের বিচার পেয়েছি: ওয়াদুদ ভূঁইয়া
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির আদেশের মধ্য দিয়ে ১৭ বছরের অত্যাচার-নির্যাতন ও জুলুমের বিচার পাওয়া গেছে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ইউচুপ চৌধুরী ও নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল হক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন খোন্দকার মুকুট, ব্যবসায়ী নেতা দেবাশীষ দত্ত আশিষ ও মোঃ ইসমাইল হোসেন সবুজসহ অন্যরা।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, পতিত সরকারের ১৭ বছরে কেউ ভালো ছিল না। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সামনের জাতীয় নির্বাচনে মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ভোট ভাগাভাগি করে ইউপিডিএফকে জেতানোর সুযোগ না দিতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড়ে সম্প্রীতি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।