অবশেষে থানচির নাফাখুমে নিখোঁজ পর্যটকের লাশ ৭২ ঘন্টা পর উদ্ধার
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে নাফাখুম জলপ্রপাতে গোসলের নেমে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর পর্যটক মোঃ ইকবাল হোসেন (২৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রবিবার (১৬নভেম্বর) বিকাল ৪ টায় ফায়ার সার্ভিসের চট্টগ্রামের আগ্রাবাদের স্টেশনের ডুবুরী দল এই পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল নাফাখুম পর্যটন কেন্দ্র ভ্রমনে যায়। এসময় তারা খুমে গোসল করতে নামলে মোঃ ইকবাল হোসাইন নিখোঁজ হন। নাফাখুম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ১৫ নভেম্বর শনিবার সকালে ৫ জন পর্যটক থানচি সদরে পৌঁছলে বিষয়টি থানা ও প্রশাসনকে অবহিত করলে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ে উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম জানান, জলপ্রপাতের গভীরে খুমের (গভীর খাদ) ভিতরে মৃতদেহ পড়ে ছিল। তিনজন উদ্ধারকারী অন্তত ৮ ঘন্টার চেষ্টায় মোঃ ইকবাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার জানান, নাফাখুমের ডুবে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলসহ যৌথ উদ্ধারকারীরা থানচি সদরে পৌচ্ছাঁতে রাত হবে। আইনত কার্যক্রম শেষে আগামীকাল (সোমবার) সকালে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।