পহেলা নববর্ষে বই বিতরণ উৎসব বিলাইছড়ির স্কুলে স্কুলে
॥ পুষ্প মোহন চাকমা,বিলাইছড়ি ॥
‘শিক্ষাবর্ষের প্রথম দিনে, শিক্ষার্থীরা জনে জনে, বই নিবে খুশি মনে’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ১ জানুয়ারী বিলাইছড়ির সকল স্তরের বিদ্যালয়সমূহে জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মকর্তার সহায়তায় বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১ জানুয়ারি) সকালে বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ দু’টি বিষয় দেয়া হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বকতেয়ার।
প্রধান অতিথি রেমলিয়ানা পাংখোয়া কোমলমতি শিক্ষার্থীদের বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ চাই। আর স্মার্ট বাংলাদেশে তোমরাই হবে নেতা, নেতৃত্ব দেবে তোমরাই। তাই ভাল নেতৃত্বের জন্য তোমাদেরকে ভালভাবে লেখা-পড়া করতে হবে।
এদিকে দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা।